মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সকালের বার্তাঃ-মামলার এজাহার সূত্রে জানা যায় যে, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার একটি টহল দল রাত্রীকালীন টহল ডিউটি করাকালে গত ১৫ মে ২০২৫ খ্রি. ভোর অনুমান ০৪:০৫ ঘটিকায় জানতে পারে মির্জাপুর থানাধীন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া ফ্লাইওভারের উত্তর পাশে ঢাকাগামী লেনের উপর ডাকাত দলের সদস্যরা নিজেদেরকে পুলিশের পরিচয় দিয়ে ডাকাতির উদ্দেশ্যে একটি নোহা মাইক্রোবাসে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে ভোর অনুমান ০৪:২০ ঘটিকায় ঘটনাস্থলে পৌছে ডাকাত দলের সদস্যদের উপস্থিত পেয়ে তাদের পরিচয় জানতে চাইলে তাদের মধ্যে একজন নিজেকে পুলিশের এস আই বলে দাবী করে। পরবর্তীতে তাদেরকে পুলিশের আইডি কার্ড দেখাতে বললে উক্ত ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নোহা মাইক্রোবাসসহ ০২ (দুই) জনকে আটক করে এবং অন্যান্যরা পালিয়ে যায়। এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মোঃ মোহাম্মদ নুরনবী থানায় এসে গ্রেফতারকৃত ডাকাতদলের ০২ জন সদস্যসহ এজাহারনামীয় ০৪ জন এবং অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। যার মামলা নং-২১, তারিখ- ১৫/০৫/২৫খ্রি., ধারা-১৭০/১৭১/৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে।
এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল ও সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭ জুলাই ২০২৫খ্রি. রাত অনুমান ১০:০০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বসন্তকেদার (বিধিরপুর) এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ডাকাতি প্রস্তুতি মামলার এজাহারনামীয় ৪নং আসামী আমিনুল (৩৫), পিতা- মোঃ শরীফুল, সাং- মজারাজপুর হাজিপাড়া, থানা ও জেলা – চাপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অপর একটি অভিযানে রাত অনুমান ১১:০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ব্যাংক টাউন আবাসিক এলাকা হতে টাঙ্গাইল মির্জাপুর থানার ডাকাতি প্রস্তুতি মামলায় ৩নং এজাহারনামীয় আসামী মোঃ তানভীর @ ইব্রাহিম মিলন (৩০), পিতা- মোঃ সাজ্জাদ হোসেন, সাং-নবগ্রাম, থানা- মান্দা, জেলা- নওগাঁ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply