1. admin@doiniksokalerbarta24.com : admin :
  2. Bennett@www.doiniksokalerbarta24.com : bennett :

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গারেবাজার এলাকায় অবৈধভাবে লালমাটি উত্তোলনের সময় একটি ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলে দুই গ্রামবাসীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়িঘরে আগুন দেলদুয়ারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ড সরিষাবাড়ীতে ৬৯ কেজি গাঁজাসহ গোপালপুরের যুবক গ্রেফতার বাসাইলে হত্যা মামলার আসামি গ্রেফতার ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ টাঙ্গাইল জেলা প্রশাসকের সভা ঘাটাইলে ভোটকেন্দ্রে থাকবে আইপি ক্যামেরা: কেন্দ্র পরিদর্শনে ইউএনও মির্জাপুরে যুবলীগ নেতা আলী হোসেন গ্রেপ্তার টাঙ্গাইলের যৌথ অভিযানে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি আল-আমিন গ্রেফতার
দুর্নীতির তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিককে উল্টো সাজা দিলেন ইউএনও

দুর্নীতির তথ্য চাওয়ায় কালের কণ্ঠের সাংবাদিককে উল্টো সাজা দিলেন ইউএনও

সকালের বার্তাঃ-

অনিয়ম-দুর্নীতির তথ্য চাওয়ায় সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ডের রায় দেন। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

জানা গেছে, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সাংবাদিককে ‘তথ্য জানার কে’— এমন প্রশ্ন করলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এরপর উভয়পক্ষ ঘটনাটি তালা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দেন। ভ্রাম্যমাণ আদালতের এ রায়কে সাজানো নাটক বলে অভিহিত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।

সংগঠনটি প্রশ্ন রেখে বলেছে, ভ্রাম্যমাণ আদালতস্থলে যারা ছিল তারা কি কেউ নিরপেক্ষ ছিল? মামলার সঙ্গে জড়িত সবাই ঠিকাদারের শ্রমিক এবং প্রশাসনের লোক। প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেওয়া। কিন্তু তারা তা না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের দীর্ঘদিনের দূরত্বের ঝাল মিটিয়েছেন বলেও মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিকরা।

এ বিষয়ে সাংবাদিক রোকনুজ্জামান টিপু বলেন, “কাজের মান খারাপ হচ্ছে, কাদা মেশানো খোয়া দেওয়া হচ্ছে, সিমেন্ট কম দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এ সময় উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো সহযোগিতা না করে বলেন, ‘তুই জানার কে?’ এরপর ছাতা দিয়ে মারতে শুরু করেন। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।”

তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্র নাথ হালদার বলেন, ‘এ সময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপসহকারী প্রকৌশলীকে মারপিট করা হয়েছে।’ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, ‘একজন সাংবাদিক আমার একজন কর্মকর্তাকে মারধর করেছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত শ্রমিকদের সাক্ষ্য গ্রহণ করে ঘটনার সত্যতা পাই।

এ জন্য অভিযুক্তকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা প্রদান করা হয়েছে।’ এ ঘটনায় তালা প্রেস ক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেনসহ তালার কর্তব্যরত সাংবাদিকরা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে কারাদণ্ডাদেশ দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ম্যাজিস্ট্রেট এবং উপজেলা প্রকৌশলী তথ্য অধিকার আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, সাংবাদিককে কারাদণ্ড দিয়ে তাঁরা দুর্নীতি ও অনিয়মকে উসকে দিয়েছেন, যা দেশের জন্য একটি অশুভ ইঙ্গিত।

এ ঘটনার প্রতিবাদে তালায় আজ বুধবার মানববন্ধন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, তালা উপজেলা শাখা। তালা প্রেস ক্লাবের সভাপতি এম এম হাকিম বলেন, ‘এ ধরনের সাজা দেওয়ার ঘটনায় আমরা ক্ষুব্ধ। দুর্নীতির সংবাদ তৈরির জন্য সাংবাদিক তথ্য সংগ্রহ করতে যাবেন। এটাই স্বাভাবিক। কিন্তু তাঁকে উল্টো কেন সাজা দেওয়া হবে?’

একই সংগঠনের সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুক হোসেন বলেন, কর্মরত সব সাংবাদিক এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দণ্ডপ্রাপ্ত সাংবাদিকসহ তালার সাংবাদিক নেতারা অভিযোগ করেছেন, দুর্নীতির প্রতিবাদ করায় কালের কণ্ঠের সাংবাদিককে অন্যায়ভাবে এই সাজা প্রদান করা হয়েছে। তাই তারা প্রতিবাদ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 doiniksokalerbarta24.com