মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলের (২৬) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর থানা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খান এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বুধবার রাতে রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে টাঙ্গাইল সদর থানা পুলিশ। তানজিল টাঙ্গাইল পৌরসভার থানাপাড়া এলাকার মৃত মীর নুরুল হক কামালের ছেলে। তিনি টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক লুৎফর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মারুফ হত্যা মামলায় মীর ওয়াছেদুল হক তানজিলের ৭ দিনের রিমান্ড আবেদন করেন টাঙ্গাইল সদর থানা পুলিশ। এই আবেদনের প্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্তক কর্মকর্তা (ওসি) তানভীর আহাম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার রাত ৯টার দিকে টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক তানজিলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তানজিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ৬টি মামলায় এজাহারভুক্ত আসামি। এর মধ্যে দুটি হত্যা মামলা।
ওসি আরও জানান, আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর থানায় দায়েরকৃত মারুফ হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করে টাঙ্গাইল সদর থানা আমলি আদালতে তাকে পাঠানো হয়েছে।
এদিকে, আজ সকালে আদালত চত্বর এলাকায় ব্যাপক নিরাপত্তা গ্রহণের পরেও তানজিলকে কোর্টে হাজির করার সময় বৈষম্যবিরোধী ছাত্র জনতার হামলার শিকার হন তিনি। এছাড়া তাকে দেখতে আসা তার মামাতো ভাই শাহেদ আল শাফি মারধরের শিকার হন। একপর্যায়ে শাফি নিজের জীবন বাঁচাতে কোর্টচত্বরের গারদ খানায় আশ্রয় নেন।
এ সময় কোর্টচত্বরে ব্যাপক উত্তেজনার তৈরি হয়। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তানজিলের ফাঁসির দাবিতে সকাল থেকে বিভিন্ন স্লোগানে-স্লোগানে কোর্টচত্বর মুখরিত করে রাখে।
Leave a Reply