মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সকালের বার্তাঃ-
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, নিহত ফিরোজ আল মামুন (৪৬) দীর্ঘদিন যাবত মালয়েশিয়া প্রবাসী ছিলেন। গত ০৯/০৩/২০২৫ খ্রি.তারিখ সে মালয়েশিয়া থেকে একেবারে বাংলাদেশে চলে আসে এবং গাড়ী ব্যবসা করার জন্য চেষ্টা করতে থাকে। বিদেশ থেকে আসার পর তার মাকে নিয়ে বাড়ীতে বসবাস করছিল। এমতাবস্থায়, গত ২১ জুলাই ২০২৫ খ্রি. রাত অনুমান ১০:০০ ঘটিকায় প্রবাসী ফিরোজ আল মামুন (৪৬) তার মা সহ রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পরের দিন ২২ জুলাই ২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ৬:০০ ঘটিকায় মির্জাপুর থানাধীন তরফপুর ইউনিয়নের তরফপুর (মাটিয়াঘারা) সাকিনস্থ জনৈক আহসান মুন্সি এর কৃষি জমির আইলের উপর অজ্ঞাতনামা আসামীরা নিহত ফিরোজ আল মামুন (৪৬)কে হত্যা করে ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় নিহতের ভগ্নীপতি এ, বি, এস, ফরহাদ মোল্লা (৬১) বাদী হয়ে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২, তারিখ-২২/০৭/২৫, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। উক্ত মামলা রুজুর পরপরই সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং উক্ত মামলার রহস্য উদঘাটন ও হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা শুরু করে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪ টাঙ্গাইল কোম্পানির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ জুলাই ২০২৫খ্রি. রাত অনুমান ২০:৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন মুচিরচালা এলাকায় অভিযান পরিচালনা করে টাঙ্গাইল মির্জাপুর থানার ক্লুলেস ফিরোজ আল মামুন (৪৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামী জামিল ওরফে সোনা মিয়া (৬০)কে মামলা রুজুর ১২ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply